আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারীদের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য বিকেএসপিতে নারীদের প্রস্তুতি চলছে। ২/১ দিনের মধ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। নিজেদের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার কথা বলেছেন জাতীয় দলের তিন নারী ক্রিকেটার। সামনে এশিয়া কাপ মিশন হলেও ক্রিকেটারদের মাথায় ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ।
দলের পেসার মারুফা এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারুফা বলেছেন, ‘আলহামদুল্লিলাহ আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করা যায়, ভালো কিছু করবো ইনশাহআল্লাহ। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনা। এশিয়ার ভেতরে ৭ টা দলের সঙ্গে খেলবে। এগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজের মাটিতে এসে ভালো কিছু করতে পারি।’
আরেক ক্রিকেটার রাবেয়া হায়দার ঝিলিকের কণ্ঠেও মিললো একই সুর, ‘যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ। এশিয়া কাপকে অবশ্যই প্লাস পয়েন্ট হিসেবে দেখছি কারণ, আমাদের টি-টোয়েন্টি চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে। তো এশিয়া কাপে যদি ভালো কিছু করতে পারি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি পেয়ে যাবো।’
দলের সেরা স্পিনার নাহিদা আক্তার। আপাতত তার ভাবনা এশিয়া কাপ। ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে লড়াইয়ে নামবেন বলে জানালেন তিনি, ‘চেষ্টা করেছি যে ত্রুটি ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে। প্রিমিয়ার লিগ থেকে চেষ্টা করছি আত্মবিশ্বাস নিয়ে আসার। এখানে (বিকেএসপি) অনেকদিন ধরে ক্যাম্প করছি। কয়েকটা ম্যাচও খেলেছি। যদিও অনেক বৃষ্টি ছিল তারপরও বলবো, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে চেষ্টা করবো যাতে মূল ম্যাচে ডেলিভার করতে পারি। বড় আসরে খেলতে যাওয়ার আগে এই রকম টুর্নামেন্ট ভালো একটা দিক। আমি মনে করি সেমিফাইনালে যেতে পারলে ফাইনালে যেতে পারবো; এটা আমাদেরকে আত্মবিশ্বাস দেবে।’
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে উইমেন্স এশিয়া কাপ, শেষ হবে ২৮ জুলাই। উদ্বোধনী দিনে বিকালে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই হবে শিরোপা লড়াই।
দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়েছে। এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ' তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রুপ ‘বি' তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।









