লর্ডস টেস্ট দিয়ে শেষ হলো জেমস অ্যান্ডারসনের বর্ণাঢ্য ক্যারিয়ার। তার বিদায়ের ক্ষণ ইংল্যান্ড বড় জয়ে রাঙালো। ইনিংস ও ১১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে স্বাগতিকরা।
গাস অ্যাটকিনসনের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১২১ রানে। জবাবে ৩৭১ রান করে ইংল্যান্ড। ২৫০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও উইন্ডিজদের ভরাডুবি। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। অ্যাটকিনসনের আগুন বোলিংয়ে ১৩৬ রানে অলআউট ক্যারিবিয়ানরা।
জশুয়া ডা সিলভাকে (৯) ফিরিয়ে নিজের তৃতীয় ও দিনের প্রথম উইকেট পান অ্যান্ডারসন। তারপর টানা চার ওভারে বাকি তিন উইকেট তুলে নেন অ্যাটকিনসন। ১০৩ রানে ৯ উইকেট হারানোর পর গুডাকেশ মটি ও জেডেন সিলস শেষ উইকেটে ৩৩ রানের জুটি গড়েছিলেন।
অ্যাটকিনসন শেষ ইনিংসে ৫ উইকেট নেন। আগের ইনিংসে পান সাত উইকেট। অ্যান্ডারসন তিন উইকেট নিয়েছেন। ৭০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এই পেসার।









