দলের ফিটনেস ট্রেনার হিসেবে ২০১৮ সালে যোগ দিয়েছিলেন রিচার্ড স্টনিয়ার। তরুণ ক্রিকেটারদের কাছে তিনি ‘পাগলা’ নামে পরিচিত। ২০২০ সালে যুব দলের বিশ্বকাপ জেতানোর পেছনে অনেক বড় অবদান ছিল তার। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কাজ করেছিলেন বিসিবিতে। এরপর পারিবারিক কারণে দেশে ফিরে যান। আবার নতুন করে যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্টনিয়ার।
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ স্টনিয়ারকে ফিরিয়েছে বিসিবি। দুই বছরের জন্য তার সঙ্গে আবারও চুক্তি করা হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টনিয়ারকে ফেরানোর ব্যাপারে আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেছেন, ‘হ্যাঁ স্টনিয়ারকে ফেরানো হচ্ছে। আগস্টের ৩ তারিখ ঢাকায় এসে পৌঁছাবে। দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে আমাদের পুরোনো একজন কোচ। আমরা আবারও তাকে ফিরিয়েছি। আশা করছি আগের মতোই পুরোনো জৌলুস নিয়ে কাজ করতে পারবে।’
স্টনিয়ারের পাশাপাশি ২০২০ সালের বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নাওয়াজকে ফিরিয়েছে বিসিবি। এদিকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে সন্দীপ কুমার রমালকে। স্টনিয়ারের সঙ্গে রমালও খুলনায় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আগামী সপ্তাহে যোগ দেবেন।
৩৯ বছর বয়সী এই ইংরেজ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও শরীরচর্চার বিজ্ঞান বিভাগ থেকে। খেলোয়াড়দের দৈনন্দিন জীবন ছকে বেঁধে দেওয়াকে তিনি নিয়েছেন নিজের পেশা হিসেবে।









