মাত্র ৫৫ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে গেলো ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার গ্রাহাম থর্পের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংলিশদের হয়ে ১০০ টেস্ট খেলা থর্প ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। আফগানিস্তানের হেড কোচ হিসেবে নাম ঘোষণার পর পরই ২০২২ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
থর্প খেলোয়াড়ি জীবনে ৬ হাজার ৭৪৪ রান করেছেন। যেখানে হাফসেঞ্চুরি আছে ১৬টি। ওয়ানডেও খেলেছেন ৮২টি। তাছাড়া সারের হয়ে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন। যেখানে তার সংগ্রহ ২০ হাজার।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইসিবি জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গ্রাহাম থর্প, এমবিই, মারা গেছেন। তার মৃত্যুতে আমরা যে গভীরভাবে শোকাহত সেটার বহিঃপ্রকাশের ভাষা জানা নেই।’
২০১০ সালেই ইংল্যান্ডের শীর্ষ ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। তার পর ক্রিসসিলভার উডের অধীনে সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন। ২০২২ সালের মার্চে আফগান দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। কিন্তু দুর্ভাগ্য। তার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি।









