ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিসালা থারাকা ও মিলান রত্নানায়েকে এই দলে নতুন মুখ। এছাড়া লম্বা সংস্করণে ফেরানো হয়েছে জেফ্রি ভ্যান্ডারসেকে।
২০২২ সালে একমাত্র টেস্ট খেলেছিলেন ভ্যান্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ইংলিশ কন্ডিশনে তার লেগস্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় লঙ্কানরা। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন ভ্যান্ডারসে।
অধিনায়কের সঙ্গে স্পিন আক্রমণে আরও আছেন প্রবাথ জয়াসুরিয়া ও রামেশ মেন্ডিস।
৩৩ বছর বয়সী থারাকা ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৭ উইকেট নিয়েছেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৯ উইকেট নেন ২৮ বছর বয়সী। লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো ও কাসুন রাজিথার সঙ্গে ব্যাকআপ পেসার হিসেবে থাকবেন তারা।
২১ আগস্ট থেকে শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলবে ম্যানচেস্টারে। লর্ডস ও ওভালে পরের দুটি ম্যাচ ২৯ আগস্ট ও ৬ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কা স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (সহঅধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।









