ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে সাইড লাইনে রয়েছেন মোহাম্মদ শামি। তবে গোড়ালির চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পথে তিনি। আশা করা হচ্ছে, ভারতের ঘরোয়া মৌসুম দিয়েই মাঠে ফিরতে পারেন এই পেসার। সেপ্টেম্বরে যা শুরু হবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে।
নির্বাচকদের কাছে এরই মধ্যে শামির উন্নতির বিষয়ে জানানো হয়েছে। তবে মাঠে নামার আগে ঘরোয়া ক্রিকেটে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হতে পারে। সেপ্টেম্বরে ৫ তারিখ শুরু হতে যাওয়া দুলীপ ট্রফিতে খেলানো হতে পারে ম্যাচ। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই।
পুনর্বাসন প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে আছেন শামি। আর সেটা চলছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। সার্জারির পর গত মাসে প্রথমবারের মতো বোলিংয়েও ফিরেছেন। যদিও সেটা করছেন ধীর গতিতে।
জুলাইয়ে ভারতের শ্রীলঙ্কা সফরের আগমুহূর্তে প্রধান নির্বাচক অজিৎ আগারকার নিশ্চিত করেছিলেন, শামি বোলিং শুরু করেছেন এবং ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের প্রথম টেস্টে ফেরাই তার মূল লক্ষ্য, ‘আমরা কম বেশি জানি কারা কারা থাকবে। এই মুহূর্তে কিছু ইনজুরি আছে। শামি তার বোলিং শুরু করেছে, যা আসলেই ভালো ইঙ্গিত। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট। সেই ম্যাচে ফেরাই তার সব সময়ের লক্ষ্য। তবে জানি না তার রিকোভারির জন্য এই সময়টা ঠিক কিনা। তবে ক্রিকেট একাডেমিতে প্রশ্ন করে জানতে হবে।’









