গত বছরের নভেম্বরে শেষ হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। ওই আসরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তলানিতে। সাকিব আল হাসানের দল মাত্র দুটি ম্যাচ জিতেছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার ৯ মাস পার হয়ে গেলেও আইসিসির ঘোষিত প্রাইজমানি এখনও বুঝে পায়নি ক্রিকেটাররা। এমনটাই দাবি করলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে, ওই টাকাটা ক্রিকেটাররা এখনও বিসিবির কাছ থেকে পায়নি?’
আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ ডলার প্রাইজমানি পাওয়ার কথা বাংলাদেশের। দুই ম্যাচ জেতায় আরও ৮০ হাজার ডলার। সেই অর্থ এখনও ক্রিকেটারদের হাতে পৌঁছায়নি বললেন দেবব্রত, ‘আমি যতদূর জানি এই টাকা দেওয়ার একটা চুক্তি থাকে, সম্ভবত ১৫ দিনের মধ্যেই এই টাকাটা দিয়ে দিতে হয়। আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ডের যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল.... ক্রিকেটে ভদ্রলোকের খেলা। কিন্তু কোনও প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না।’
পরিচালনা পর্ষদকে নিয়ে তিনি বলেন, ‘আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন, বর্তমান দেখেন। আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনও পর্যন্ত বিসিবির চুক্তিতে নেই। এমন একটা বৈষম্যের শিকার করা, এগুলো কখনও হতে পারে না।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাওয়া বদলে গেছে। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাসানসহ ২৫ পরিচালকের বেশির ভাগ আত্মগোপনে। এই সুযোগে বিরোধীপক্ষরা প্রায়ই আসছেন বিসিবিতে। করছেন মিছিল, মিটিংও। আজও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেট সংগঠকদের একটি দল বিসিবিতে এসেছিলেন। তারা প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে মৌখিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, ‘এখন অনেক পরিচালকই দেশে নেই। তারা অনেকেই পালিয়েছেন। যারা আছেন, তারা পদত্যাগ করলেই হয়ে যায়। পরপর তিনটি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলেই সেই পরিচালকের পদ শূন্য হয়ে যায়। কোরাম সংকট আছে। তারা সংবিধান মেনে পদত্যাগ করলেই সহজ হয়ে যায়। আমরা আইসিসির নিয়ম ভাঙতে চাই না। আমরা আইনের মধ্যে থেকেই পদত্যাগ দাবি করছি।’









