নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার জর্জ ওয়ার্কার ৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেন। বিনিয়োগ পরিষেবা সংস্থার সঙ্গে ‘চমৎকার সুযোগ’ লুফে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের সঙ্গে পেশাদার ক্যারিয়ার শুরু করা ওয়ার্কার শেষ করলেন অকল্যান্ডের সঙ্গে। ১৭ বছরের পথচলা নিয়ে তিনি বলেছেন, ‘পেশাদার ক্রিকেটে ১৭ বছর পূর্ণ করার পর আমি এই খেলা থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্ত নিয়ে আমার জীবনের চমৎকার অধ্যায়ের ইতি টানলাম এবং নতুন এক অ্যাডভেঞ্চারের শুরু হতে যাচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেটেও পা পড়েছিল ওয়ার্কারের। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে মাত্র তিন বছরের ক্যারিয়ারে ১০ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন, যথাক্রমে ২৭২ ও ৯০ রান করেছেন। ২০১৫ সালে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে তার শুরু হয়েছিল। হারারেতে টি-টোয়েন্টি অভিষেকে ৩৮ বলে ৬২ রান করে ম্যাচসেরা হন।
দক্ষিণ আফ্রিকা সফরে তারা ওয়ানডে অভিষেক হয়। ২০১৭ সালে নিজের প্রিয় ফরম্যাটে সেরা ফর্মে ছিলেন। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় তিনটি হাফ সেঞ্চুরি করেন।
সম্প্রতি ওয়ার্কার নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ২০২২ সালের মার্চে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওই সিরিজে কোভিডে আক্রান্ত মার্ক চাপম্যানের স্থলাভিষিক্ত হলেও একাদশে জায়গা হয়নি।
সব মিলে ১৬৯ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪৩.৬৪ গড় ও ৭৯.৮৫ স্ট্রাইক রেটে ১৮ সেঞ্চুরি ও ৩৭ হাফ সেঞ্চুরিতে ৬৭২১ রান করেছেন। প্রথম শ্রেণিতেও তার ছয় হাজারের ওপরে রান (৬৪০০)। টি-টোয়েন্টিতে সংগ্রহ ৩৪৮০ রান।
ব্যাটিংয়ে পারদর্শিতা দেখালেও এবার পুরোপুরি ক্রিকেট ছেড়ে ভিন্ন জগতে ওয়ার্কার, ‘এই অধ্যায়ের ইতি টেনে ফোরসিথ বারের সঙ্গে আমার জীবনের পরবর্তী ধাপে পা রাখতে মুখিয়ে আমি। তারা আমাকে দারুণ একটি সুযোগ দিয়েছে। তাদের সঙ্গেও একই ভালোবাসা ও নিবেদন নিয়ে আমার নতুন ভূমিকা পালন করতে চাই।’








