নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে রবিবার দ্য হান্ড্রেডে খেলার সময় রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বেন স্টোকস। এই ইনজুরিতে ইংল্যান্ড অধিনায়ক গ্রীষ্ম মৌসুমের বাকি সময়ে আর খেলতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টেস্ট ক্যাপ্টেন।
মঙ্গলবার করা স্বাস্থ্য পরীক্ষায় হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'বেন স্টোকসের হ্যামস্ট্রিংয়ে চিড় দেখা গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে থাকবেন না তিনি।'
এখনও স্টোকসের স্থলাভিষিক্ত ঘোষণা করেনি ইসিবি। ২১ আগস্ট ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দেবেন ভাইস ক্যাপ্টেন ওলি পোপ।
আগামী ৭ অক্টোবর মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের শীতকালীন মৌসুম। এই সিরিজ দিয়ে স্টোকসের মাঠে ফেরার প্রত্যাশা করা হচ্ছে।









