গত দুই মাস ধরেই নানান অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবকিছু মিলিয়ে খুবই অস্বস্তিকর অবস্থায় দিন কাটছে বাংলাদেশের জনগণের। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেলো বাংলাদেশ। রবিবারের এই জয়ে সবার মুখেই হাসি ফুটেছে। কঠিন সময়ে সবার মুখে সামান্য হাসি ফোটাতে পেরে দারুণ তৃপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত ২৩ বছরে পাকিস্তানের সঙ্গে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কিন্তু আগের কোনোটিতেই জিততে পারেনি তারা। ১৪তম ম্যাচে এসে ২৩ বছরের আক্ষেপ, অপেক্ষা ঘুচালো সাকিব-মুশফিক-শান্তরা। দেশের বর্তমান অবস্থায় এই জয়কে কীভাবে ব্যাখ্যা করবেন এমন প্রশ্নে অধিনায়ক শান্ত বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় শেষ এক মাসে আমরা কঠিন সময়ের মধ্যে ছিলাম। এখনও এখানে (বন্যা পরিস্থিতি) কিছু সমস্যা আছে। আমরা সবাই পরস্পরকে সমর্থন করি। এই জয় হয়তো সবার মুখে সামান্য হাসি ফোটাবে। এর জন্য আমরা খুশি। আমরা চেষ্টা করবো পরের ম্যাচেও একই রকম কিছু করার।’
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা উড়েছে। বেশ কিছু দর্শক দলকে সমর্থন জুগিয়েছেন। সমর্থকদের নিয়ে শান্ত বলেছেন, ‘আমাদের সমর্থকরা যখন সমর্থন দিতে আসে, তখন আমরা অনেক খুশি হই। এই টেস্টের আগে বলেছিলাম, যেখানে যাই সব সময় সমর্থকরা আমাদের সমর্থন দিতে ছুটে আসেন। তাদেরকে ধন্যবাদ। আশা করি, তারা পরের ম্যাচেও আমাদের সমর্থন দিতে আসবেন।’
উজান থেকে নেমে আসা ঢল ও অতি ভারি বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারে ভয়াবহ বন্যা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে অধিনায়ক বলেছেন, ‘প্রথমত দুঃখজনক। আসলে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সবাই আমরা জানি বাংলাদেশের মানুষ সব সময় একজন আরেকজনের পাশে ছিল বিপদে। আমি দেখছি সবাই চেষ্টা করছে ওখানে যারা আছে, বিপদে তাদেরকে সাহায্য করতে। আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা খেলোয়াড় যার যার জায়গা থেকে চেষ্টা করছে কীভাবে সাহায্য করা যায়। দল হিসেবে আমরা চেষ্টা করছি কীভাবে অবদান রাখা যায়। প্রত্যেকটা খেলোয়াড় সম্পৃক্ত আছে, যতটুকু সম্ভব সাহায্য করা যায় ততটুকু করছে। ’
রবিবার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচটি বৈষম্য বিরোধী ছাত্র-জনতায় আন্দোলনে শহীদদের উৎসর্গ করেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উৎসর্গ করা হয়েছে। তাদের জন্য দলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তাদের পরিবারে আমার মনে হয় অনেক কঠিন সময় গিয়েছে। আশা করছি, এই জয় দিয়ে তাদের পরিবারে একটু হলেও হাসি ফিরবে।’









