আভাস ছিল আগে থেকেই। এবার সত্যি হলো সম্ভাবনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেট সংস্থার সর্বকনিষ্ঠ প্রধান হলেন তিনি।
ভারত থেকে পঞ্চম কোনও ব্যক্তি আইসিসির প্রধান হলেন। জয় শাহের আগে ভারতের জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মসনদে বসেছিলেন।
অবশ্য আইসিসির দায়িত্ব নিতে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। আগামী ১ ডিসেম্বর জয় শাহের মেয়াদ শুরু হবে। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দায়িত্বে থাকবেন নভেম্বরের শেষ পর্যন্ত।
আইসিসির চেয়ারম্যান হিসেবে এক মেয়াদ বাকি থাকতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন বার্কলে। গত ২০ আগস্ট তিনি জানান, তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান পদে থাকতে চান না, নভেম্বরেই শেষ করতে চান। আর তার শূন্যস্থান পূরণে একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন জয় শাহ।
বিসিসিআইর ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছেন জয় শাহ, ‘আইসিসির পরবর্তী চেয়ারম্যানের এই মর্যাদাপূর্ণ ভূমিকাটি গ্রহণ করার জন্য আমার ওপর আস্থা রাখার কারণে আমি আইসিসির সদস্য বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি বিশ্বজুড়ে আমাদের খেলার মান উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আমি যখন এই গুরুত্বপূর্ণ ভূমিকায় পা রাখছি, আমি আপনার উচ্চ প্রত্যাশা পূরণ করতে এবং ক্রিকেটের মতো সুন্দর খেলায় নিজেকে উৎসর্গ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেছেন, ‘২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট তার ঐতিহাসিক আত্মপ্রকাশের জন্য প্রস্তুত, আমরা একটি পরিবর্তনশীল যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই সন্ধিক্ষণটি নিছক একটি মাইলফলক নয়, এটি আমাদের সকলের জন্য এই দুর্দান্ত খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য একটি পরিষ্কার আহ্বান। আমাদের যৌথ যাত্রায় এমন উত্তেজনাপূর্ণ সময়ে আইসিসির নেতৃত্ব দেওয়া আমার সৌভাগ্যের বিষয়।’
আইসিসি বলেছে, ‘বৈশ্বিক মঞ্চে খেলাকে প্রসারিত ও বিকশিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার পর্যায়ে শাহের নির্বাচক আইসিসির জন্য একটি নতুন অধ্যায়।’









