ফিক্সিংয়ের অভিযোগে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লু ভিনসেন্ট। সেই নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৪ সালে। গত বছর সেই শাস্তি প্রত্যাহার হয়েছে তার। এবার তাকে শততম ওয়ানডে ম্যাচ খেলার ১৭ বছর পর সেটার স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মাইফলকের সেই ম্যাচের জন্য লু ভিনসেন্টকে এই মাসের শুরুতে বিশেষ ক্যাপ স্মারক হিসেবে দিয়েছে দেশটির বোর্ড।
লু ভিনসেন্ট সেই মাইলফলকের ম্যাচটা খেলেছিলেন ২০০৭ সালে। অকল্যান্ডে তাকে বিশেষ এই ক্যাপ দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্যার রিচার্ড হ্যাডিল। সেজন্য ছোটখাট আয়োজনও করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে উপস্থিত ছিলেন ভিনসেন্টের পরিবার ও সাবেক সতীর্থরা।
নিউজিল্যান্ডের হয়ে ১০২ ওয়ানডে খেলা ভিনসেন্টের সংগ্রহে ছিল ২ হাজার ৪১৩ রান। টেস্টও খেলেছেন ২৩টি। তাছাড়া ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৯টি টি-টোয়েন্টিও খেলেছেন। তার পর বিলুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলেছেন। ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ঘরোয়া ক্রিকেটে। সেখানেই ফিক্সিংয়ে জড়িয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক আজীবনের জন্য নিষিদ্ধ হন। গত বছর অবশ্য সেই শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করে ইসিবি। তাকে পুনরায় ঘরোয়া ক্রিকেট কার্যক্রমে ফেরার অনুমতিও দেয়। তাছাড়া বিপিএলেও স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করেছিলেন। যে কারণে বিসিবির ট্রাইব্যুনাল তাকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য বহিষ্কার করে।
ভিনসেন্ট নিজের কৃতকর্মের কথা উল্লেখ করে বলেছেন, ‘সেসব এখন অতীত।’ দ্য পোস্টকে স্মারক ক্যাপ প্রাপ্তি নিয়ে বলেছেন, ‘আমার জন্য রাতটা ছিল স্মরণীয় ও বিশেষ মর্যাদাপূর্ণ। যেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে।’









