রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একটি বলও গড়ায়নি। বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডে খেলা সম্ভব হয়নি। সিরিজ না হারাতে পাকিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই। তাদের আশা শনিবার বৃষ্টি যেন দূরে থাকে!
রাওয়ালপিন্ডিতে সারা রাতের বৃষ্টিতে শুক্রবারের খেলা শুরু নিয়ে শঙ্কা ছিল। মাঠে বৃষ্টির পানির কারণে খেলার অনুপযুক্ত ছিল। মাঠ প্রদর্শনের পর প্রথম সেশন ভেসে যায়। কিছুক্ষণ পর পুরো দিন পরিত্যক্ত ঘোষণা রকা হয়।
তবে টেস্ট ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন পাকিস্তানের জন্য ভালো খবর দিচ্ছে। অবশ্য চতুর্থ ও পঞ্চম দিনের খেলায় ফের বৃষ্টি হানা দিতে পারে।
অ্যাকুওয়েদার ডট কম বলছে, দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৯ শতাংশ এবং তাপমাত্রা ৩৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তৃতীয় দিন থাকবে রৌদ্রোজ্জ্বল, ওই দিনও বৃষ্টির সম্ভাবনা মাত্র ৯ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
চতুর্থ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস মিলছে। বৃষ্টির সম্ভাবনা ৪৫ শতাংশ। পুরো দিন ভেসে না গেলেও চতুর্থ দিন প্রতিকূল আবহাওয়ার প্রভাব থাকবে। শেষ দিনও বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ এবং তাপমাত্রা থাকবে ২৯-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।









