অধিনায়কত্ব নিয়ে সংকটের মধ্যে যাচ্ছে পাকিস্তান। আপাতত সাদা বলের ক্রিকেটের জন্য বাবর আজমের জায়গায় উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।
যার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। সম্প্রতি দেশটির জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের জন্য পাঁচটি দল ঘোষণা করা হয়েছে। যেখানে বাবর আজমকে কোনও দলের নেতৃত্বে রাখা হয়নি। শুধু রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ হারিস ও সৌদ শাকিলকে নির্ধারিত দলগুলোর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাতে মনে হচ্ছে, হয়তো দীর্ঘ সময়ের জন্য বাবর আজম আর অধিনায়ক থাকছেন না!
সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে শেষ দিকেই বাবর আজমের বদলে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরের আগেই হয়তো হয়ে যাবে। সফর হওয়ার কথা আগামী নভেম্বর। এই বিষয়ে এরই মধ্যে সাদা বলের হেড কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক জুলাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, বিকল্প হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় এসেছে। যদি শেষ পর্যন্ত বোর্ড সম্মত হয়, তাহলে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
জেনে রাখা প্রয়োজন, গত নভেম্বরে অধিনায়কত্ব ছেড়ে দিলেও বাবর আজমকে পুনরায় গত ৩১ মার্চ সাদা বলের ফরম্যাটের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। টেস্টের অধিনায়ক হয়েছেন শান মাসুদ। কিন্তু নেতৃত্ব পরিবর্তনের পরও দলের পারফরম্যান্সের কোনও উন্নতি হয়নি। ব্যর্থতার বৃত্তেই আটকে আছে।









