গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। কয়েক মাসের ব্যবধানে আবার তারা মুখোমুখি হচ্ছে, এবার সাদা পোশাকে। সংস্করণ পাল্টে গেলেও জেতার আত্মবিশ্বাস আফগানদের মনে।
আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী রবিবার বললেন, তার দল বিশ্বের শীর্ষ সারির দলগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য রাখে। তবে টেস্ট ক্রিকেটে তাদের আরও অভিজ্ঞতা প্রয়োজন।
আগামীকাল সোমবার থেকে ভারতের নতুন মাঠে নিউজিল্যান্ডকে একমাত্র টেস্টে স্বাগত জানাবে আফগানিস্তান। স্পিন তারকা রশিদ খানসহ বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে তারা পাচ্ছে না। তবুও ভালো কিছু করে দেখানোর বিশ্বাস তাদের।
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে আবির্ভাবের পর উন্নতির লক্ষণ দেখিয়েছে আফগানিস্তান। ভারতের কাছে মাত্র দুই দিনেই হার দিয়ে শুরু। তারপর আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জয়। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে তারা। ৯ ম্যাচ খেলে তিনটি জয়।
গ্রেটার নয়ডা গ্রাউন্ডে সাংবাদিকদেরকে শহীদী বললেন, ‘টেস্ট ক্রিকেটের দিকে তাকালে দেখতে পাবেন, আমরা এই ফরম্যাটে নতুন। আমাদের আরও অভিজ্ঞতা দরকার। দল ও দেশ হিসেবে আমরা সাহসী মানুষ এবং চ্যালেঞ্জ গ্রহণ করি। ভবিষ্যতে আমরা আরও বেশি সুযোগ পেলে উন্নতি করবো এবং প্রমাণ করবো আমরা সেরা দল।’
পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে বিশ্রামে আছেন রশিদ। তার জায়গা নেবেন ২৩ বছর বয়সী স্পিনার শামস উর রহমান। নতুনদের ভালো কিছু করে দেখানোর সুযোগ মনে করছেন শহীদী, ‘আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্ব ক্রিকেটে নাম তৈরি করার সুযোগ তাদের জন্য। প্রত্যেকেই তাদের সেরাটা দিতে ইচ্ছুক। এটা কঠিন, কিন্তু আমরা আমাদের শক্তি দিয়ে খেললে যে কোনও দলকে হারাতে পারি।’
নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি আফগানিস্তানকে সমীহ করছেন, ‘কয়েক বছর ধরে আফগানিস্তান উন্নতি করছে। যখনই তাদের বিপক্ষে খেলবেন, আপনাকে মনে রাখতে হবে, কঠিন লড়াই করতে হবে।’









