ক্যারিয়ারে উত্থান-পতন সব ক্রিকেটারের কমবেশি থাকে। কারও অল্প সময়ের জন্য, কারওটা আবার দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের ক্যারিয়ারে বহুবার খারাপ সময় এসেছিল। তবে সবচেয়ে খারাপ সময় কেটেছে ২০২৩ সালে। তিন ফরম্যাটের ক্রিকেটে ভুগছিলেন রান খরায়। খারাপ সময় পেছনে ফেলে চলতি বছর দারুণ ছন্দে আছেন তিনি। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চমৎকার ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে। দুই ইনিংসে ব্যাট করে ৫৬ এবং ১৩৮ রান তার। বাজে সময়ে লিটন কীভাবে নিজেকে সামাল দিয়েছেন, সেই ব্যাপারে সবার কৌতুহল থাকাটাই স্বাভাবিক। এনিয়ে সাংবাদিকের এক প্রশ্নে ভুল ও সঠিক দুটো উত্তরই দিয়েছেন তিনি।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন। যেভাবে কঠিন সময়টা পার করেছিলেন তিনি, সেটাই এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে জানালেন, 'ঠিক উত্তর দেবো নাকি ভুল! (হাসি)।’ এরপর নিজেই বলতে থাকেন, ‘যদি ঠিক উত্তর দেই, তাহলে বলবো আমি এসব নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করেছি কীভাবে পরিশ্রম করা যায়, আরও ভালো হওয়া যায়।‘
ভুল উত্তরের ব্যাপারে জানতে চাইলে পরে লিটন বলেছেন, ‘আমি সারাদিন রুমে বসে কান্না করতাম।' তারপর তিনি যোগ করেন, 'এটা বিষয় না। সবার ক্যারিয়ারেই উত্থানপতন থাকে।'
এদিন অনেকটাই ফুরফুরে ছিলেন লিটন। সংবাদ সম্মেলন শুরুই করেছিলেন মজা করেন। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সামনে কোকাকোলার বোতল দেখিয়ে হাতে নিয়ে বললেন, ‘কোক কি নামিয়ে দেবো?’ তারপর হেসে বললেন, ‘না ভাই, কোক আমারও চলে, মাঝে মাঝে।’









