২০০৯ সালে অভিষেকের পর পাঁচ ওয়ানডে খেলেছিলেন আদিল রশিদ। তারপর তাকে এই ফরম্যাটে আবার দেখা গেছে প্রায় ছয় বছর পর। তখন থেকে সাদা বলের ক্রিকেটে মঈন আলীর সঙ্গে স্পিন আক্রমণে নিয়মিত ছিলেন। ১৫ বছর পর ইংল্যান্ডের স্পিনার গড়লেন অনন্য মাইলফলক।
লেগস্পিনার রশিদ ১৩৭তম ম্যাচে ইংল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ২০০ ওয়ানডে উইকেট পেয়েছেন। এই ফরম্যাটে অনেক আগেই ইংল্যান্ডের শীর্ষ স্পিনার তিনি। ইংল্যান্ডের একশর বেশি উইকেট নেওয়া স্পিনারের তালিকায় তার পেছনে আছেন মঈন (১১১) ও গ্রায়েম সোয়ান (১০৪)। নারী দলের সোফি একলেস্টোনও আছেন তাদের কাতারে।
শনিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডেতে নিজের ষষ্ঠ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে (৭) ফিরিয়ে এই কীর্তি গড়েন রশিদ। ম্যাক্সওয়েল তাকে বাউন্ডারি ছাড়া করতে চেয়েছিলেন, কিন্তু সরাসরি ডিপ মিডউইকেটে ধরা পড়েন।









