হ্যামস্ট্রিং ইনজুরিতে ফাস্ট বোলার বিশ্ব ফার্নান্ডো সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় আনা হয়েছে অফস্পিনার নিশান পেইরিসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে যোগ করা হয়েছে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা এই খেলোয়াড়কে।
অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান বিশ্ব। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে শেষবার খেলা এই পেসারকে পাঠানো হয়েছে হাই পারফরম্যান্স সেন্টার পুনর্বাসনে। ইংল্যান্ড ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮৬ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি।
বিশ্বের স্থলাভিষিক্তি পেইরিস শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের স্কোয়াডে ছিলেন। তারও আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে আকিলা ধনাঞ্জয়ার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় তাকে। কিন্তু একাদশে ছিলেন না কখনও। ৪১টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৭২ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী স্পিনারের অপেক্ষা কি এবার ফুরোবে?
গলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৬৩ রানের জয়ে অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। ২০৪ রান দিয়ে নেন ৯ উইকেট। এই জয়ে নিউজিল্যান্ডকে টপকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারত ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার গলেই হবে দ্বিতীয় ম্যাচ।









