এর আগে দুই বার ৮০'র এর ঘরে গিয়ে সেঞ্চুরি পাননি তামিম ইকবাল। তবে রবিবার ওমানের বিপক্ষে আর ভুল করেননি তিনি। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেছেন বিস্ফোরক এক ইনিংস খেলে। অবশ্য রান যখন ৯৪ তখনই তিনি ভেবেছিলেন সেঞ্চুরি করার কথা।
১৮তম ওভারে আনসারিকে ৬ মেরে ৯৪ রান পূর্ণ করেন তামিম। ঠিক তখনই ভেবেছেন, এই ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার কথা। যেই ভাবা সেই কাজ। ৯৭ রানে গিয়ে ৩টি বল অবশ্য ডট দিয়েছেন। তারপর বিলাল খানকে কাভার ড্রাইভে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথাও ছিল না।’
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে পেরে গর্ববোধ করছেন তামিম। তিনি বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি সামনে আরও অনেক সেঞ্চুরি হবে। যেভাবে অন্য ব্যাটসম্যানরা খেলছে তারা অনেক সেঞ্চুরি পেতে পারে। বিশেষ করে সাব্বির, সৌম্য, সাকিব ও মুশফিক।’
সম্প্রতি ব্যাটে বল লাগায় নিজেকে ভাগ্যবান মনে করছেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার টাইমিং খুব ভালো হচ্ছে। সব মিলিয়ে আমি সত্যিই ভাগ্যবান।’
গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকেই মূলত বদলে গেছেন তামিম ইকবাল। অবশ্য এর পেছনে মাশরাফির ভূমিকার কথা জানালেন তামিম। তিনি বলেন, ‘কিছু বিষয় আমি চিন্তা-ভাবনা বাদ দিয়েছি। কারণ বিষয়গুলো নিয়ে চিন্তা করলে আমার মধ্যে চাপ তৈরি হয়। মাশরাফির ভাইয়ের কাছ থেকে এটা শিখেছি। তিনি বলেছেন নেতিবাচক বিষয়গুলো নিয়ে কম চিন্তা করতে। তাহলে বাড়তি ওই চাপটাও আসবে না। ব্যাটিংয়ের সময় ৫ ভাগ চাপ কম নিয়ে ব্যাটিং করতে পারবো। ভালো-খারাপ জিনিসগুলো থাকবে, আমি মনোযোগী আমার খেলার দিকেই।'
/আরআই/এমআর/








