টেস্টে লঙ্কানদের বিপক্ষে এর আগে কখনও এত কম রানে অলআউট হয়নি নিউজিল্যান্ড। গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা মাত্র ৮৮ রানে গুটিয়ে সেই লজ্জার রেকর্ড তৈরি করেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৬০২ রানে ইনিংস ঘোষণা করায় এখন সফরকারীদের ৫১৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হচ্ছে।
তৃতীয় দিনের সকালে ২ উইকেটে ২২ রান নিয়ে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। তার পর তো লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে পুরোপুরি খেই হারায় কিউইদের ইনিংস। প্রবাথ জয়াসুরিয়া ৪২ রানে ৬ উইকেট নিয়েছেন। অভিষিক্ত অফস্পিনার নিশান পেইরিস নিয়েছেন ৩৩ রানে তিনটি। একটি শিকার আসিথা ফার্নান্ডোর। ডাবল ফিগারে স্কোর করেছেন শুধু রাচিন রবীন্দ্র (১০), ড্যারিল মিচেল (১৩) ও মিচেল স্যান্টার (২৯)।
এতদিন লঙ্কানদের বিপক্ষে টেস্টে কিউইদের সর্বনিম্ন স্কোর ছিল ১০২ রান। ১৯৯২ সালে সেটি তারা করেছিল কলম্বোয়।









