এতদিন শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সনাথ জয়াসুরিয়া। সাম্প্রতিক সাফল্যের পর এবার তাকে পাকাপাকিভাবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কান লিজেন্ডকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী হিসেবে জুলাই থেকেই কোচিংয়ের কাজ করছিলেন তিনি। এই সময়ে অভাবিত সাফল্যে সবাইকে চমকে দিয়েছেন। তার অধীনে শ্রীলঙ্কা ২৭ বছরে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। ১০ বছর পর প্রথমবার ইংল্যান্ডকেও হারিয়েছে অ্যাওয়ে টেস্টে। অতি সম্প্রতি নিউজিল্যান্ডকে টেস্টে করেছে হোয়াইটওয়াশ। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সের বিষয়টি বোর্ডের নির্বাহী কমিটি বিবেচনায় নিয়েছে। যেখানে অন্তর্বর্তী কোচ ছিলেন জয়াসুরিয়া।’
দলের সঙ্গে জয়াসুরিয়ার আগের সম্পৃক্ততা ছিল প্রধান নির্বাচক হিসেবে। দুইবার পৃথক মেয়াদে। তার পর অবশ্য ২০১৯ সালে আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভাঙায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
হেড কোচ হিসেবে এখন তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। যার ভেন্যু ডাম্বুলা ও পাল্লেকেলে।








