টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক ছিলেন অ্যালিস্টার কুক। তার ১২ হাজার ৪৭২ রানের রেকর্ড যে জো রুট ভাঙবেন, সেটা ছিল সময়ের ব্যাপার মাত্র। বুধবার মুলতানে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে অবশেষে রুট কুককে ছড়িয়ে গেছেন। ৩৩ বছর বয়সী এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। সার্বিকভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুট পাঁচে অবস্থান করছেন।
কুককে ছাড়িয়ে চূড়ায় উঠতে রুটের প্রয়োজন ছিল ৭১ রান। এদিন পাকিস্তান সিমার আমের জামালকে স্ট্রেইট বাউন্ডারি মারতেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেন তিনি। মাইলফলক স্পর্শের পর ড্রেসিং রুমে রুটকে অভিনন্দন জানান সতীর্থরা। মাঠে অভিনন্দন জানান বেন ডাকেট।
টেস্টে ইংলিশ ব্যাটারদের মধ্যে সেরা হতে রুটের প্রয়োজন পড়ে ২৬৮ ইনিংস ও ১৪৭টি টেস্ট। কুকের অবশ্য প্রয়োজন পড়েছিল ১৬১টি টেস্ট। যার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটে ২০১৮ সালে।
২০১২ সালে অভিষেক করা রুট পাকিস্তানের বিপক্ষে আজ লাঞ্চ বিরতে যাওয়ার সময় ৭২ রানে অপরাজিত ছিলেন। তখন তার সর্বমোট রান ছিল ১২ হাজার ৪৭৪। টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডডুলকার। ২০০ ম্যাচে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১।








