পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান করে যে স্বস্তির নিশ্বাস ফেলেছিল, তা শেষ পর্যন্ত দম বন্ধ করা পরিস্থিতিতে রূপ নিয়েছিল। হ্যারি ব্রুক ও জো রুটের অবিশ্বাস্য ব্যাটিংয়ে চতুর্থ দিন একগাদা রেকর্ড হওয়ার পর ইংল্যান্ড স্বেচ্ছায় থামলো দ্বিতীয় সেশনের শেষ দিকে।
রুটের ডাবল সেঞ্চুরির পর ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ২৬৭ রানের লিড নিয়েছে তারা। টেস্ট ইতিহাসে এটি চতুর্থ ও ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৯৩৮ সালের পর প্রথমবার আটশ ছাড়ালো ইংলিশরা। ওইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৯০৩ রান করেছিল তারা। প্রথমবার আটশ অতিক্রম করেছিল ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে।
৩ উইকেটে ৪৯২ রানে বৃহস্পতিবার খেলতে নামে ইংল্যান্ড। ব্রুক ১৪১ ও রুট ১৭৬ রানে অপরাজিত ছিলেন। ১৮৬ রানে বাবর আজমের হাত ফসকে জীবন পাওয়া রুট ৩০৫ বলে ষষ্ঠবার দুইশর ঘরে পৌঁছান। অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ান হলেন তিনি। সাত ডাবল সেঞ্চুরিতে তার উপরে কেবল ওয়ালি হ্যামন্ড। প্রথম সফরকারী ব্যাটার হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে ডাবল হান্ড্রেড করলেন রুট। টেস্ট ইতিহাসে দেশের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থবার দুইশ রানের কীর্তি গড়লেন তিনি।
লাঞ্চের আগেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ জুটি গড়েন রুট ও ব্রুক। ২০২০ সালে জস বাটলার ও জ্যাক ক্রলি জুটির ৩৫৯ রানের রেকর্ড ভাঙেন তারা।
১২৬তম ওভারে ২৪৫ বলে ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরি করেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে একাধিক ডাবল সেঞ্চুরিয়ানের দেখা মেলে ৩৯ বছর পর। ১৯৮৫ সালে প্রথমবার এই কীর্ত গড়েন গ্রায়েম ফ্লাওয়ার (২০১) ও মাইক গ্যাটিং (২০৭)।
একই ওভারে চার মেরে ক্যারিয়ারে দ্বিতীয়বার আড়াইশ ছোঁন রুট। হ্যামন্ড ও কুকের পর ইংল্যান্ডের তৃতীয় ব্যাটার হিসেবে যৌথ সর্বোচ্চ আড়াইশ রান করেন তিনি।
৩ উইকেটে ৬৫৮ রানে প্রথম সেশন শেষ করে ইংল্যান্ড, যা পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান। ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে গড়া রেকর্ড ভেঙে দেয় তারা।
দ্বিতীয় সেশনে ফিরে এসেই যে কোনও উইকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙেন রুট ও ব্রুক। ১৯৫৭ সালে কলিন কাওড্রে ও পিটার মের ৪১১ রানের জুটিকে পেছনে ফেলেন তারা।
পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড ভেঙে থেমেছেন ব্রুক ও রুট। ৩৭৫ বলে ১৭ চারে ২৬২ রান করে আগা সালমানের বলে এলবিডব্লিউ হন রুট। ব্রুকের সঙ্গে তার জুটি ছিল ৪৫৪ রানের। তাতে করে ১৯৫৮ সালে কিংসটনে কনর্যাড হান্টে ও গ্যারি সোবার্সের গড়া ৪৪৬ রানের জুটি পেছনে পড়ে গেলো। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ জুটির তালিকায় রুট-ব্রুক অবস্থান নিলেন চারে।
১৪৪তম ওভারে সাইম আইয়ুবকে চার মেরে ষষ্ঠ ইংলিশ হিসেবে ট্রিপল হান্ড্রেড করেন ব্রুক। বীরেন্দর শেবাগের (২৭৮ বল) পর দ্বিতীয় দ্রুততম ৩১০ বলে ২৮ চার ও ৩ ছয়ে এই কীর্তি গড়েন তিনি। লিওনার্ড হাটন, ওয়ালি হ্যামন্ড, গ্রাহাম গুচ, অ্যান্ডি স্যান্ডহ্যাম ও জন এড্রিচের সঙ্গে অভিজাত ক্লাবে যোগ দিলেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ব্যাটার হিসেবে তিনশ করেছেন ব্রুক। ৩৪ বছরে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটারকে থামতে হয়েছে সাইমের বলে শান মাসুদের ক্যাচ হয়ে। ৩২২ বলে ২৯ চার ও ৩ ছয়ে ৩১৭ রান করেন তিনি।









