ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়েই শুরু করেছিল ভারত। তার পর সেটা নিয়ে যায় আইপিএলে। এবার অবশ্য সৈয়দ মুশতাক আলী ট্রফি থেকে নিয়মটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই রাজ্য অ্যাসোসিয়েশনকে বলেছে, ‘বিসিসিআই চলতি মৌসুমে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই নিয়ম চালু রাখার সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই ঘরোয়া টুর্নামেন্টে সেটা বাতিলের সিদ্ধান্ত নিলো বিসিসিআই। আইপিএলে একই নিয়ম আগামী তিন মৌসুম অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
অথচ ২০২৩ সালে এটি চালুর পর থেকে সেটা বিতর্কের জন্ম দিয়ে আসছে। প্রশ্নে উঠেছে এমন নিয়ম ভারতের ক্রিকেটের জন্য কোনও সুবিধা বয়ে আনছে কিনা। নাকি নিয়মটা অলরাউন্ডারদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বেশ কয়েকজন হাইপ্রোফাইল ক্রিকেটার যেমন রোহিত শর্মা এমন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একবার ক্লাব প্রেইরি পোডকাস্টে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় এটা অলরাউন্ডারদের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ, ক্রিকেট এগারো জনের খেলা। ১২ জনের নয়। তাই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বড় ভক্ত আমি নই। আপনি শুধু একটু বিনোদন দেওয়ার জন্য খেলা থেকে অনেক কিছু এর মাধ্যমে বের করে নিয়ে যাচ্ছেন।’
গত মে মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছিলেন, নিয়মটা আসলে পরীক্ষামূলক হিসেবে আইপিএলে চলছে। এটা স্থায়ী কিছু নয় যে চলতে থাকবে।’
এদিকে, ঘরোয়া টুর্নামেন্টে নিয়মটি বাতিল হওয়ায় সেটাকে স্বাগত জানিয়েছেন সৌরাষ্ট্র হেড কোচ নিরাজ ওডেডরা। তিনি বলেছেন, ‘পরিবর্তনটা ভালো। আইসিসিও বড় টুর্নামেন্টে এমনটা চালু করেনি। তাই যারা ঘরোয়া ক্রিকেট পার করে ভারতের হয়ে খেলতে চায়, তাদের জন্য বিষয়টা দারুণ হবে।’









