ছয় ম্যাচ হারের পর টেস্টে পাকিস্তান জয়ের মুখ দেখেছে, ঘরের মাঠে ৩ বছর আট মাস পর। পারফরম্যান্সে ভাটা পড়ায় মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েন বাবর আজম। তার জায়গায় কামরান গুলাম নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। ১৫২ রানে জেতার পর ভক্তদের একাংশের মত, বাবর নেই বলেই জিতেছে পাকিস্তান। আর ভক্তদের এমন চিন্তাভাবনায় ক্ষোভ ঝারলেন পেসার মোহাম্মদ আমির।
অতীতে আমির বাবরের কঠোর সমালোচনা করেছিলেন। এই পেসারের দাবি, টি-টোয়েন্টি খেলার সামর্থ্য আর নেই সাবেক অধিনায়কের। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কিছুটা দায়ও বাবরের কাঁধে চাপান তিনি।
এবার বাবরের পাশে দাঁড়ালেন আমির। এক্স-এ তিনি লিখেছেন, ‘বাবর নেই বলে, অন্য কেউ নেই বলে দল জিতেছে, এমন ফালতু চিন্তাভাবনা বাদ দিন। আমাদের পরিকল্পনা আরও ভালো ছিল। তাছাড়া ঘরের মাঠে খেলার সর্বোচ্চ সুবিধা আমরা নিতে পেরেছি, তাই আমরা জিতেছি। দয়া করে নিজেদের খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ করবেন না, তাদের পারফরম্যান্সের ভিত্তিতে কথা বলি, কিন্তু ব্যক্তিগত কিছু নিয়ে নয়।’









