প্রথম দিনেই মিরপুরের উইকেটে স্পিন ধরেছে। দক্ষিণ আফ্রিকার দুই পেসার রাজত্ব করলেও বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম বল হাতে শাসন করেছেন। সবমিলিয়ে একদিনে পড়েছে ১৬ উইকেট। ম্যাচের যা অবস্থা, তাতে করে পুরো পাঁচদিন খেলা হওয়া কঠিন। বাংলাদেশের সাফল্য নির্ভর করছে তারা কত তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে।
তাইজুল বাংলাদেশের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘আজকে (সোমবার) যেহেতু স্পিন ধরেছে, সামনে তো আরও স্পিন ধরবেই। এটাই স্বাভাবিক। চেষ্টা করবো যত তাড়াতাড়ি ওদের আটকানো যায়। তাদের বড় পার্টনারশিপ হলে আমাদের জন্য খারাপ হবে। ইতোমধ্যে লিড পেয়েছে। যত তাড়াতাড়ি অলআউট করা যায়, তাতে ম্যাচ আমাদের হাতে থাকবে।’
পুরো দিনে মিরপুরের উইকেটে বোলারদের রাজত্ব ছিল। বাংলাদেশের মতো প্রোটিয়া ব্যাটারারও উইকেটে ভুগেছেন। উইকেটে ব্যাট-বলের সমান ভারসাম্য থাকা কতটা জরুরি এমন প্রশ্নে তাইজুলের যুক্তি, ভালো ব্যাটিং করলে উইকেট নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন পড়ে না। তিনি বললেন, ‘একটা দল খারাপ খেললে ফেয়ার কোনোভাবেই হয় না, ভালো উইকেট দিন আর খারাপ উইকেট। জিনিসটা ওরকম না। ভালো খেলা জরুরি। কন্ডিশন এদিক-ওদিক হতেই পারে। নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় গেলে অবশ্যই আপনাকে লো উইকেট দিবে না। একদম ফ্ল্যাট উইকেট দিবে না। মুভমেন্ট থাকবেই। আমার কাছে মনে হয়, উইকেটের দোষ দিয়ে কোনও লাভ নেই। খেলায় হার-জিত আছে। ভালো না খারাপ খেলছি, আমার কাছে এটাই মুখ্য।’
ঢাকা টেস্টে উইকেটের মূল্যায়ন করতে গিয়ে তাইজুল বলেছেন, ‘যখন যেখানেই খেলতে যান, সবাই হোম অ্যাডভান্টেজ নিবে। তারপরও ভালো খেলা জরুরি। উইকেট যেমনই হোক আমরা সবসময় চাইবো ভালো খেলতে। ভালো খেললে হয়তো ম্যাচটা আমাদের দিকেই থাকবে।’
আলোর স্বল্পতায় প্রথম দিন একটু আগেভাগেই খেলা শেষ হয়েছে। তাই মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল ৯টা ৪৫ মিনিটে।









