প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে ১৩১ থেমে যায় সফরকারীদের ইনিংস। আর তাতেই ১৮৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয়ে যায় লাল-সবুজ জার্সির প্রতিনিধিদের।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিকরা। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে ৯৬ রানের জুটি গড়েন। জাওয়াদ ৬৪ রানে আউট হন। এরপর দ্বিতীয় উইকেট রিফাত ও কালাম সিদ্দিকী অ্যালেন মিলে গড়েন আরও ৬৭ রানের জুটি। রিফাত ৫৮ রানে আউট হতেই এই জুটি ভাঙে। দারুণ খেলতে থাকা জাওয়াদ, রিফাতের পর অ্যালেনও সেঞ্চুরি বঞ্চিত হন! সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯৭ রানে আউট হন অ্যালেন। বাংলাদেশের হয়ে এটাই সর্বোচ্চ রানের স্কোর। এই তিন জনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করায়।
আরব আমিরাতের বোলারদের মধ্যে আব্দুল্লাহ তারিক ৪৮ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন।
৩১৫ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই ভেঙে পড়ে আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। অফস্পিনার দেবাশীষ সরকারের ঘূর্ণি জাদুতে ১৩১ রানে থেমে যায় আমিরাতের ইনিংস। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নুরুউল্লাহ আইয়্যুব।
দেবাশীষ ২৫ রানে নেন ৫টি উইকেট। এছাড়া রাফিউজ্জামান রাফি নেন দুটি উইকেট। মূলত এই দুই স্পিনারের ঘূর্ণিতেই ব্যাটিং অর্ডার ধসে পড়ে আরব আমিরাতের।
চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ শেষ হলো আজ। আগামী শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।









