গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭ রানের দুর্ভাগ্যজনক হারের শোধ তোলার সুযোগ দক্ষিণ আফ্রিকার। ঘরের মাঠে আগামী ৮ নভেম্বর থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এজন্য ব্যাটিং তারকা ডেভিড মিলার ও আইনরিখ ক্লাসেনকে ফিরিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এছাড়া ফাস্ট বোলার মার্কো ইয়ানসেন ও বাঁহাতি স্পিনার কেশব মহারাজও ফিরছেন টি-টোয়েন্টি দলে। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ভাগাভাগি করা সিরিজে এই চার জন অনুপস্থিত ছিলেন। পেশাদার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ব্যস্ত ছিলেন তারা।
কোচ রব ওয়াল্টার প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করলেও চারটি হোম টেস্টের আগে বিশ্রাম দিয়েছেন কাগিসো রাবাদাকে। সাইড স্ট্রেইন সেরে ওঠায় ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলে দুই আনক্যাপড খেলোয়াড় অলরাউন্ডার মিহলালি এমপোনগোয়ানা ও অ্যান্ডাইল সিমেলেন।
রাবাদা ছাড়াও বিশ্বকাপ ফাইনালে খেলা কুইন্টন ডি কক ও আনরিখ নর্কিয়ের জায়গা হয়নি আসন্ন সিরিজের স্কোয়াডে। তাদের কেউই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তিতে নেই। ওয়াল্টার জানান, নর্কিয়েকে নেওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু তরুণ ফাস্ট বোলারদের পরখ করতেই তাকে বাইরে রাখা হয়েছে। অন্যদিকে ৩১ বছর বয়সী ডি কককে বিবেচনাতেই রাখেননি নির্বাচকরা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাইলেই আলোচনা হবে জানালেন কোচ।
দক্ষিণ আফ্রিকান স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, আইনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপোনগোয়ানা, এনকাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডাইল সিমেলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য) ও ট্রিস্টান স্টাবস।









