১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করে গেছেন প্রায় সময়। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। সম্প্রতি শেষ হওয়া কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন।
৯ থেকে ১২ সেপ্টেম্বর কাউন্টি ম্যাচে সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ৯ উইকেট নেন সাকিব। বাংলাদেশের ভারত সফরের আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন বাঁহাতি অলরাউন্ডার।
জানা গেছে, সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন, জানা যায়নি।
সাকিবকে এই ব্যাপারে জানানো হলেও বিসিবি সূত্রগুলো জানিয়েছে, ইসিবি এই ব্যাপারে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি।
বিসিবির এক কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে জানান, ‘কাউন্টি ম্যাচে একজন অনফিল্ড আম্পায়ার রিপোর্ট করেছেন, তার মনে অ্যাকশন নিয়ে সন্দেহ জেগেছে। যদি সাকিব ইংল্যান্ডে পরবর্তী সময়ে ঘরোয়া ম্যাচ খেলতে চান, তাহলে তাকে পরীক্ষা দিতে হবে।’
এই অবস্থাতেও সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। ওই কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘যদি তিনি ছাড়পত্র পান, তাহলে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। এই বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অন্য দেশের ঘরোয়া ক্রিকেট সম্পর্কিত নয়। এটা ইসিবির নজরদারিতে থাকবে এবং আইসিসি কিংবা অন্য বোর্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’









