শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে পাকিস্তানের। এই ম্যাচটি ঘিরে আগের দিন থেকেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে কলকাতা শহর। প্রত্যেকটি বাঙালি নিজেদের পরিচয় ধারণ করে বাংলাদেশকে সমর্থন জানাতে যে যার মতো করে ইডেনের গ্যালারিতে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য একটাই- বাংলাদেশকে সমর্থন জানানো।
ম্যাচ শুরুর আগেই গলা ফাঁটিয়ে চিৎকার করছেন মাশরাফি-মাশরাফি বলে। অবশ্য মাশরাফি এখন আইডল; তাইতো ভারতীয় সাংবাদিকরা তার কাছে জানতে চান কিভাবে একটি দেশকে এভাবে বদলে দেওয়া গেলো? মাশরাফি অবশ্য সেই সব উত্তরে সব সময় বলেন ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলার কথা।
প্রথম বলটি যখন তাসকিন ছুঁড়লেন; ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেনের প্রায় ১০ হাজার সমর্থক চিৎকার দিয়ে তাদের সমর্থন জানান দিলেন। শুধু যে কলকাতার সমর্থকরাই সমর্থন করছেন এটা কিন্তু নয়; বাংলাদেশ থেকে আগের রাতে প্রায় ৪ হাজার সমর্থক কলকাতায় এসেছেন বাংলাদেশকে সমর্থন জানাতে। যাদের সঙ্গে রয়েছেন বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল, সঙ্গীত শিল্পী শফিক তুহিন, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায় এবং মডেল নোবেল।
বাদ পড়েননি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইডেনের গ্যালারির এক অংশ তাই হলুদ রংয়ে সেজেছে। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত এই উচ্ছ্বাস চলবে ভক্তদের। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালও দল-বল নিয়ে উপস্থিত হয়েছেন ইডেনে। বাংলাদেশের জার্সি গায়ে, পতাকা নিয়ে হুল্লোড় করে মাঠে উপস্থিত হয়েছেন তিনি।








