আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরও ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ৬ ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী শুক্রবার আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে তারা। বাংলাদেশের মনোযোগ ওয়ানডে সিরিজে। কেননা ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলেও আইরিশদের হোয়াইটওয়াশ করার বিকল্প নেই। আজ মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডের। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস করছি।’
নারী দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট সাবেক এই ক্রিকেটার, ‘মেয়েরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। ১ তারিখ থেকে তারা অনুশীলন করছে। ধারাবাহিকভাবে খেলাও ছিল। এখন আবার ফিরে এসেছে এবং এই সময়টাতে ভালো উন্নতি হয়েছে। মাঠে কেমন করি, তা দেখার জন্য অপেক্ষা করছি।’
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগের চাপ থাকায় কিছুটা স্নায়ুচাপ অনুভব করতে পারে বাংলাদেশ নারী দল, তবে হাবিবুল বাশার বলেছেন, ‘এটা খুব স্বাভাবিক। তবে তাদের মধ্যে আমি রোমাঞ্চও দেখতে পাচ্ছি, কারণ প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন রয়েছে তাদের।’









