নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকের অপেক্ষায় ছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। আঙুলের চোট সেই সুযোগটি তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ইংল্যান্ড অবশ্য বিকল্প কারও নাম ঘোষণা করেনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজে তার সুযোগ পাওয়াটাও ছিল ভাগ্যের ব্যাপার। নিয়মিত কিপার জেমি স্মিথ সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিতে রয়েছেন। তার বিকল্প হিসেবেই কক্সকে নেওয়া হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ দিনের আগে কুইন্সটাউনে নেট অনুশীলনে আঙুলে আঘাত পেয়ে দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। এখন কক্সের অনুপস্থিতিতে শেষ দিন উইকেট আগলে দাঁড়াচ্ছেন ওলি পোপ।
চোটের কারণে অভিষেকের জন্য আরও অপেক্ষায় থাকতে হবে কক্সকে। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক করেছেন। আপাতত ক্রাইস্টচার্চে দলের সঙ্গে থাকবেন। ইংল্যান্ডে ফেরার আগে কিছু সময় অস্ট্রেলিয়াতে কাটানোর কথা রয়েছে তার।









