যুব বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দারুণ পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন। কিন্তু কয়েক বছর ধরে খেললেও এখন অব্দি নিজের সেরাটা দিতে পারেননি। এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন তরুণ এই ব্যাটার। পারফরম্যান্সের উন্নতির জন্য আরও একটু দায়িত্ববোধ বাড়ানো উচিত বলে মনে করেন জুনিয়র তামিম। সোমবার দল ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন এই ওপেনার।
২০২৪ সালে সবমিলিয়ে চারটি ওয়ানডে খেলেছেন তানজিদ তামিম। এর মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৮১ বলে ৮৪ রান করেছেন। এরপর এ বছর আরও তিনটি ওয়ানডেতে ফিরেছেন যথাক্রমে ৩, ২২ ও ১৯ রান করে। এটি যেন একরকম তার ক্যারিয়ারের প্রতিচ্ছবিই। শুরুটা ভালো করার পর হুট করেই বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছেন।
নিজের পারফরম্যান্স নিয়ে তামিম বলেছেন, ‘আসলে দেখেন, যেটা বলছেন আমি এটার সঙ্গে একমত। এখানে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশির ভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। চেষ্টা থাকবে যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো। আমার ব্যাক অব দ্য মাইন্ড..একটা জিনিস আমি মনে করি এটা আসলে একটা মানসিক ব্যাপার। যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।’
তামিম আরও বলেছেন, ‘আসলে দেখেন আমি যেসব শট খেলে আউট হয়েছি। আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি কাজ করে এখানে। আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সে জিনিসটা তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইটার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ইনিংসটা বড় হওয়া সম্ভব।’
বাংলাদেশ দলে নিয়মিত ভাবেই ব্যাটিং কোচ পরিবর্তন হয়ে আসছে। ডেভিড হ্যাম্প সর্বশেষ ব্যাটিং কোচের দায়িত্ব ছিলেন। এর আগে অল্প কিছুদিনের জন্য দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। তার আগে ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটারদের দীক্ষা দিচ্ছেন বাংলাদেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ঘন ঘন ব্যাটিং কোচ পরিবর্তনের কারণে ব্যাটিং পারফরম্যান্সে কোন প্রভাব পড়ে কিনা এমন প্রশ্নে জুনিয়র তামিম বলেছেন, ‘আসলে দেখেন এমন কিছু না। একেক কোচের একেক রকম পরিকল্পনা থাকে। আমাদের কাছে যেটা সেরা মনে হয়, সেটাই নেই। যেটা বেস্ট মনে হয় না, সেটা তার সঙ্গে আলোচনা করে মিনিমাইজ করার চেষ্টা করি। এখন যেহেতু সালাউদ্দিন স্যার আছেন, তার সঙ্গে আগে কাজ করা হয়েছে, কথা হয় ক্রিকেট নিয়ে। আশা করি যে আরও ভালো হবে।’
আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের স্কোয়াডে আছেন তামিম। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের পারফরম্যান্স হতাশাজনক। সামনে ওয়ানডে সিরিজেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এক প্রশ্নের জবাবে তানজিদ তামিম বলেছেন, ‘আসলে সব সিরিজেই শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে টেস্ট খেলছে। তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা প্র্যাক্টিস সেশন আছে, গেলে বুঝতে পারবো কী রকম চ্যালেঞ্জ আসতে পারে। এর আগেও ওখানে বিশ্বকাপ খেলেছি। ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করবো যেন শুরুটা ভালো করতে পারি।’









