মাত্র ২.৪ ওভার বোলিং করেছেন পাকিস্তানের বামহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তাতেই ধসে গেছে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে! সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে তাদের ইতিহাসের রেকর্ড সর্বনিম্ন ৫৭ রানে অলআউট করেছে সফরকারীরা। জবাবে ১০ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। এটি আবার বলের হিসেবে তাদের রেকর্ড ব্যবধানে জয়ের নজির।
বুলাওয়েতে সুফিয়ান মুকিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২.৪ ওভারেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড সর্বনিম্ন। আগের সর্বনিম্ন রানটি ছিল ৮৪। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রানে তারা অলআউট হয়েছিল।
এদিন শুরুটা খারাপ ছিল না স্বাগতিকদের। সম্ভাবনাময় শুরু করেছিলেন ব্রায়ন বেনেট (২১) ও তাদিওয়ানাশে মারুমানি (১৬)। ২৭ বলে ৩৭ রান যোগ করেন তারা। ৪.৩ ওভারে মারুমানি আব্বাস আফ্রিদির বলে ফিরতেই ধস নামে দলটির ইনিংসে। বাকি ২০ রান তুলতেই ১০ উইকেট হারায় জিম্বাবুয়ে। মিডল অর্ডারে সুফিয়ান মুকিম বল হাতে মূল আঘাতটা করেছেন। দুই ওপেনার ছাড়া আর কেউ ডাবল ডিজিটের ঘরে পৌঁছাতে পারেননি। সুফিয়ান মুকিম ২.৪ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ২ রানে দুটি নিয়েছেন আব্বাস আফ্রিদি। একটি করে নিয়েছেন আবরার আহমেদ ও হারিস রউফ।
মামুলি লক্ষ্য পেয়ে পাকিস্তানকে খুব বেশি কষ্ট করতে হয়নি। বিনা উইকেটে ৮৭ বল হাতে রেখেই নিজেদের লক্ষ্যে পৌঁছেছে। ওপেনার সাইম আইয়ুব ১৮ বলে ৩৬* রানের ইনিংসে অপরাজিত থেকেছেন। ওমায়ের ইউসুফ ১৫ বলে অপরাজিত ছিলেন ২২ রানে। তাদের জয় নিশ্চিত হয়েছে পাওয়ার প্লেতে ৫.৩ ওভারে।









