জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইলচেয়ার সহমর্মিতা শীর্ষক বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো তুলে ধরার লক্ষ্যে এই ম্যাচ আয়োজিত হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডি-৪ ক্রিকেট মাঠে গড়ায় ম্যাচ। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার তুলে ধরা এবং তাদের সক্ষমতাকে উদযাপনে সমাজ গঠন ও সমান সুযোগ নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, সালমা খাতুন, হান্নান সরকার ও আম্পায়ার মাসুদুল রহমান মুকুল। তারা সকলে হুইলচেয়ারে বসে অন্তর্ভুক্তি ও চেতনার দৃঢ়তা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি বলেন, ‘কেউ পেছনে পড়ে থাকবে না- এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করি। উন্নয়ন ও সংকট মোকাবিলায় তাদের সম্পৃক্ততা অগ্রাধিকার দেই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এই বিশেষ ইভেন্টটি প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকে মূলধারায় আনতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেন, ‘ইউএনডিপিকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেওয়ার জন্য। মাঠে হুইলচেয়ার ক্রিকেটারদের দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি হুইলচেয়ারে বসে খেলে দেখেছি। তারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিৎ নিজেদের অবস্থান থেকে তাদের সমর্থন করা।’
অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট ম্যাচের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন, অস্ট্রেলিয়ান হাই কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত তথ্য অফিসার আসগা বেহ। তারা সকলে হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।









