গ্লোবাল সুপার লিগে টানা দুই ম্যাচ হারের পর টানা দুটি জিতে ফাইনালের টিকিট কেটেছে রংপুর রাইডার্স। শুক্রবার লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারায় তারা। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির ফল নির্ধারণ হয়েছে ডার্কওয়ার্থ লুইস মেথডে। বাংলাদেশ সময় শনিবার ভোরে ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে রংপুর।
শুক্রবার ফাইনাল নিশ্চিতের ম্যাচটি রংপুরের জন্য ছিল বেশ কঠিন। কেবল জিতলেই হতো না, মেলাতে হতো সমীকরণও। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে দিয়ে ফাইনালে উঠে গেছে নুরুল হাসান সোহানের দল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে রংপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলতেই বৃষ্টি নামে। সৌম্য আর স্টিভেন টেলরের ৪.২ ওভারে ওপেনিং জুটিতেই আসে ৪৭ রান। সৌম্য ১৩ বলে ৩ চার ১ ছক্কায় ২২ এবং টেলর ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তিনে নেমে সাইফ হাসান খেলেন ১৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস।
বৃষ্টি থামার পর ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৯ ওভারে। তাতে করে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। কিন্তু ব্যাটিংয়ে নেমে খেই হারায় পাকিস্তানের দলটি। শেখ মেহেদির করা প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে তিন উইকেট হারায় লাহোর। ম্যাচটা কার্যত সেখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি। তাতে বৃষ্টি আইনে ২৩ রানের জয় পায় রংপুর।
২ ওভারে ১১ রান দিয়ে মেহেদির শিকার ৩ উইকেট। দুটি নিয়েছেন জ্যাক চ্যাপেল।
বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকাল ৬টায় ফাইনালে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের দলটি। ৪ ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রংপুরের সংগ্রহ ৪ পয়েন্ট।









