ওয়েলিংটনে ইতিহাসের জন্ম দিয়েছেন ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি। তার হ্যাটট্রিকের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে জ্যাক বেথেলের ৯৬, বেন ডাকেটের ৯২ রানে নিউজিল্যান্ডের বিপক্ষে চালকের আসনে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ৫৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৫ উইকেটে ৩৭৮ রান।
এদিন সকালে ৮৫ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের বোলিং তোপে বেশি দূর যেতে পারেনি তারা। বিশেষ করে অসাধারণ বোলিং নৈপুণ্যে টানা তিন বলে শেষ তিনটি উইকেট তুলে নেন ২৬ বছর বয়সী অ্যাটকিনসন। তুলে নেন নাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদির উইকেট। ১২৫ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। তাতে প্রথম ইনিংসে ২৮০ রান করা ইংলিশরা পায় ১৫৫ রানের লিড।
ইংল্যান্ডের হয়ে টেস্টে ১৫তম হ্যাটট্রিকের নজির গড়া অ্যাটকিনসন ৩১ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৪৬ রানে ৪টি নিয়েছেন ব্রাইডন কার্সও। একটি করে শিকার করেছেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
তার পর দ্বিতীয় ইনিংসে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বেথেল তার ব্যাটিং প্রদর্শনী করেছেন। ৯ রানে ওপেনার জ্যাক ক্রলির আউটের পর দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ১৮৭ রান যোগ করেছেন। দুর্ভাগ্য বেথেল ৪ রানের জন্য ৮৫ বছরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান না হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ৯৬ রানে সাউদির বলে ফিরেছেন তিনি। বেথেলের আউটের পর সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বেন ডাকেটও (৯২)। তার ফেরার সময়েই ইংল্যান্ডের লিড ছিল ৩৬৬। তার পর ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজ করছেন জো রুট। ৭৩ রানে অপরাজিত আছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৫৫ রানে আউট হয়েছেন হ্যারি ব্রুক। ওলি পোপ থেমেছেন ১০ রানে। তবে দিন শেষ হওয়ার আগে রুটের সঙ্গে প্রতিরোধ গড়ে খেলেছেন অধিনায়ক বেন স্টোকস। তিনি অপরাজিত ৩৫ রানে।
টিম সাউদি ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন গ্লেন ফিলিপস।









