আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে শ্রীলঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম আসর। এই আসরে ছয়টি দল অংশ নিচ্ছে। তাতে ক্রিকেটার সাকিব আল হাসান ও সৌম্য সরকার আগেই দল পেয়েছিলেন। এবার তাদের সঙ্গী হলেন রনি তালুকদার।
ড্রাফটের আগে সাকিবকে দলে নিয়েছে গল মারভেলস। সৌম্য খেলবে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে। টুর্নামেন্টের শুরু থেকে রনি ও সাকিবকে পাওয়া যাবে। সৌম্য জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলায় ব্যস্ত থাকায় শুরুর দিকে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। লঙ্কান টি-টেন লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।
৩৪ বছর বয়সী রনি তালুকদার কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলার ডাক পেয়েছেন। রনি ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘লঙ্কা টি-টেন সুপার লিগে কলম্বো জাগুয়ার্সকে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। ভালো একটা মৌসুমের জন্য মুখিয়ে আছি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’









