ডোপিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেটে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নিরোশান ডিকভেলা। অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে তার। এখন তার সব ফরম্যাটের ক্রিকেটে ফিরতে কোনও বাধা নেই।
গত লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। তার পর নিষেধাজ্ঞার শাস্তিটি আরোপ করা হয় গত আগস্টে। শাস্তিটির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তার পর সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন যে টুর্নামেন্টের সময় কোনও ধরনের নিষিদ্ধ বস্তু গ্রহণ করেননি। পাশাপাশি চিহ্নিত উপাদানটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত ছিল না বলেও জানানো হয়। এর পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার।
৩১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার এলপিএলে গল মার্ভেলসের অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছর মার্চে। এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনও ম্যাচ খেলতে পারেননি।
ক্রিকেট ক্যারিয়ারে বিতর্কের সঙ্গে ডিকভেলার নাম জড়িয়েছে অনেকবার। বিশেষ করে মাঠের বাইরে তার জীবনযাপন বেশ সমালোচিত হয়েছে। ২০২১ সালে বায়ো-বাবল ভেঙে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।
সব ফরম্যাটেই কিপিংয়ে নাম লেখানো ডিকভেলা টেস্টে ২৭৫৭ রান, ওয়ানডেতে ১৬০৪ রান ও টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন।









