দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
কেপ টাউনে সিরিজ জয়ের মূল কারিগর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাটিংয়ে নেমেও ৪৯.৫ ওভারে ৩২৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়েন বাবর ও রিজওয়ান। বাবর ৯৫ বলে ৭৩ রানের ইনিংস উপহার দিয়েছেন। তাতে ছিল ৭টি চার। অধিনায়ক রিজওয়ান খেলেছেন ৮২ বলে ৮০ রানের ইনিংস। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। তৃতীয় উইকেটে তাদের জুটি ১৪২ বলে যোগ করে ১১৫ রান। বাবর যখন ৩৩ ওভারে আউট হন, তখন তাদের দলীয় স্কোর ছিল ১৯২। তিন ওভার পর বিদায় নেন রিজওয়ানও। তাদের গড়ে দেওয়া মঞ্চে পাওয়ার হিটিংয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন কামরান গুলাম। ৫ ছক্কায় মাত্র ৩২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ম্যাচসেরাও কামরান। পাকিস্তান শেষ ১৭ ওভারেই যোগ করেছে ১৬১! এই সময়েই হারিয়েছে বাকি ৬টি উইকেট।
সবচেয়ে বেশি মার খেয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার মাফাকা। ৭২ রান খরচ করলেও ৪টি উইকেট নেন তিনি।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে হাইনরিখ ক্লাসেনই মূলত লড়াই করেছেন। তার ৯৭ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়েছে। বল হাতে পাকিস্তানের হয়ে পেসার শাহীন আফ্রিদি ও নাসিম শাহ ছিলেন মূল হন্তারক। শাহীন ৪৭ রানে নেন ৪ উইকেট। নাসিম শাহ ৩৭ রানে নিয়েছেন তিনটি।









