সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিয়েও ম্যাচটা জমিয়ে দিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের ৩ উইকেট তুলে রোমাঞ্চকর জয়ের আশায় তৃতীয় দিন শেষ করেছে। স্বাগতিকদের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ২৭ রান। তাদের জয়ের জন্য প্রয়োজন আরও ১২১ রান।
প্রোটিয়াদের জন্য এই টেস্টে জয় ভীষণ গুরুত্বপূর্ণ। জিতলে আগামী জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কাটবে তারা। দিনে ৪ ওভার বল করে মোহাম্মদ আব্বাস তিন রানে নিয়েছেন দুটি উইকেট। সুইং বোলিংয়ে ওপেনার টনি ডি জর্জি (২) ও ত্রিস্টান স্টাবসকে (১) বিদায় দিয়েছেন। শাহজাদ নিয়েছেন রায়ান রিকেলটনের উইকেট (০)। ক্রিজে আছেন এইডেন মারক্রাম (২২) ও তেম্বা বাভুমা (০)। তিনটি উইকেটই পড়েছে এলবিডাব্লিউতে। সবগুলোতেই হয়েছে রিভিউ!
নাটকীয়ভাবেই শেষ হয়েছে তৃতীয় দিন। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে সময় লেগেছে তিন ঘণ্টার মতো! পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট করায় মনে হচ্ছিল এই টেস্টে অনায়াসে জিততে যাচ্ছে স্বাগতিক দল। যেহেতু লক্ষ্যটা খুব বেশি নয়। বামহাতি ফাস্ট বোলার মার্কো ইয়ানসেন ছিলেন মূল হন্তারক। ৫২ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন সৌদ শাকিল। ৮৪ রান করেন তিনি।
৩ উইকেটে ৮৮ রানে তিন শুরুর পর দারুণভাবে ব্যাট করছিলেন বাবর আজম ও সৌদ শাকিল। ১৪.৫ ওভারে ৬৫ রান যোগ করেন তারা। ১৯ টেস্ট ইনিংসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন বাবর। বিদায় নেন ৫০ রানেই। মূলত ইয়ানসেন ১৪ বলে তিন উইকেট তুলে নিলে ছন্দপতন ঘটে ইনিংসে। বাবরও শিকার হয়েছেন এই সময়। লড়াই করতে থাকা শাকিল আউট হন নবম ব্যাটার হিসেবে। ১০ চার ও এক ছক্কায় ১১৩ বলে ৮৪ রানে ফেরেন তিনি।









