আরেকটু হলেই নিজেদের ইতিহাসে প্রথম টাইমড আউট দেখে ফেলতো বিপিএল। ঘটনাটা ঘটেছে খুলনা টাইগার্স ও চিটগাং কিংসের ম্যাচে। এ নিয়ে অবশ্য নাটকই মঞ্চস্থ হয়েছে। টাইমড আউটের আবেদন করেও পরে সেটা ফিরিয়ে নেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ঘটনাটা ঘটে নতুন ব্যাটার টম ও’কনেল ব্যাট করতে দেরি করায়। তখন দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভার চলছে। খুলনার ২০৩ রানের রানের জবাবে এরই মধ্যে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে চিটাগাং। তারা পঞ্চম উইকেট হারায় সপ্তম ওভারের প্রথম বলে। মোহাম্মদ নওয়াজের বলে এলবিডাব্লিউ হন হায়দার আলী। কিন্তু নতুন ব্যাটার মাঠে আসতে সময় নেন দুই মিনিটেরও বেশি। নিয়ম ভঙ্গ করায় খুলনা অধিনায়ক মিরাজ ও সতীর্থরা মিলে আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন। কিছুক্ষণ আলোচনার পর আম্পায়ার তানভির আহমেদ সিগন্যালও দেন আউটের। তাৎক্ষণিক ঘটনায় কিছুই বুঝে উঠতে পারছিলেন না অজি ব্যাটার। তিনি ডাগআউটে ফেরার পথ ধরলে তখন মিরাজ স্পোর্টসম্যানশিপের চেতনায় আউটের আবেদন ফিরিয়ে নেন। তার পরেই আম্পায়াররা ওই ব্যাটারকে ফিরিয়ে আনেন। অবশ্য মাঠে নেমে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেছেন ও’কনেল।
ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউটের ঘটনাটি ঘটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিলেন তিনি। তখন অবশ্য ঘটনাটি প্রচুর আলোচনার জন্ম দিয়েছিল।







