সাইম আইয়ুবকে নিয়ে বিরাট ধাক্কা খেলো পাকিস্তান। ডান গোড়ালির ফ্র্যাকচারের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন সকালের সেশনে চোট পান তিনি।
শুক্রবার করা এমআরআই স্ক্যানে সাইমের গোড়ালিতে ফ্র্যাকচার ধরা পড়ে। পিসিবি জানিয়েছে, মেডিক্যাল মুন বুট দিয়ে তার গোড়ালি অনড় রাখা হয়েছে। চলতি টেস্ট শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
সাইমের ছিটকে যাওয়া পাকিস্তানের জন্য হতাশার। গত কয়েক মাস ধরে সব ফরম্যাটেই ঝলমলে পারফরম্যান্স করে গেছেন তিনি। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে সেঞ্চুরি করে হয়েছেন সিরিজ সেরা।
চোটের কারণে সাইমকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানকে দুটি টেস্ট খেলতে হবে। এছাড়া ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও তাকে পাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হতে রীতিমতো সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে তাকে। ঠিক ছয় সপ্তাহ পরই শুরু হবে এই ওয়ানডে টুর্নামেন্ট।
ঘটনা ইনিংসের সপ্তম ওভারের। রায়ান রিকেলটন স্লিপে বল ছুটান। আমির জামালের সঙ্গে বল ধরতে ডিপ থার্ডে ছুটতে থাকেন সাইম। জামাল আগে বল ধরে তাকে ছুড়ে দেন। কিন্তু বল হাতে নেওয়ার আগে ভারসাম্য হারালে গোড়ালি মচকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই ওপেনিং ব্যাটার। তারপর ডানপায়ের নিচের দিকে ধরে রেখে যন্ত্রণায় কাতরাতে থাকেন।
পা তুলতেই পারছিলেন না সাইম। বাউন্ডারি লাইনে বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়।









