অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিনটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যার সবকটিতেই বাংলাদেশ হেরেছে। সোমবার চতুর্থবারের মতো এই ফরম্যাটের ক্রিকেটে অসিদের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে ম্যাক্সওয়েল-স্মিথ-ওয়াটসন-ওয়ার্নারদের সামনে বাংলাদেশের তাসকিন-আল আমিন-সাকিব-মুস্তাফিজদের বেশ ভালোই পরীক্ষা দিতে হবে। যেমনটা দিতে হয়েছিল প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশের বোলারদের ছাতু বানিয়ে ২০১ রান স্কোর বোর্ডে তুলতে সমর্থ হয় আফ্রিদিরা।
সোমবার বাংলাদেশের বোলাররা যদি পরীক্ষায় পাশ না করে, সেক্ষেত্রে টাইগারদের সামনে টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বাজবে।
এসব কিছুর জন্যই এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের পরীক্ষায় নামতে হবে। দলের বোলিং কোচ হিথ স্ট্রিকও মনে করছেন এমনটাই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব বোলারের জন্যই এখানে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই উইকেটে সব বোলারকেই এখানে ভালো করতে হবে।’
হিথ স্ট্রিক বিশ্বাস করেন বোলাররা শৃঙ্খলা দেখালে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসা সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলারদের শৃঙ্খলা দেখাতে হবে। ঠিক জায়গায় বল রাখতে হবে এবং বৈচিত্র্য দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত সুনির্দিষ্ট ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা। নিশ্চিত করতে হবে যেন পরিকল্পনা মতো আমরা বোলিং করি। এজন্যই আমরা ওদের নিয়ে বিশ্লেষণ করবো।’
শুধু তাই নয়, হিথ স্ট্রিক মনে করেন এই ধরনের উইকেটে মুস্তাফিজকে দ্রুত মানিয়ে নিতে হবে। কেননা অন্য সব বোলারের চেয়ে এই উইকেটে মুস্তাফিজকে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জে মুস্তাফিজ জিতলে, সেটা বাংলাদেশের জন্যই বেশি ভালো হবে।







