বিপিএলে এবার হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। ব্যাটিং বান্ধব উইকেট হলেও বাউন্ডারির দৈর্ঘ্যও ছোট। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, যেহেতু ব্যাটিং বান্ধব উইকেট; সেক্ষেত্রে ব্যাট-বলে ভারসাম্য রাখতে বাউন্ডারি বড় হওয়া উচিত।
দুর্বার রাজশাহীর বিপক্ষে গতকাল ৭ উইকেটের জয়ে বড় ভূমিকা রেখেছেন তামিম। ৪৮ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তাতে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
তাদের আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ খেলেছে রংপুর ও সিলেট। সেই ম্যাচেও ঝড়ো ব্যাটিং হয়েছে। গড়েছে সর্বোচ্চ ছক্কার রেকর্ড! এক ম্যাচেই ৩১ ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা।
সিলেটের আগে ঢাকাতেও ম্যাচগুলো ছিল হাইস্কোরিং। যা ভীষণভাবে বিনোদন দিচ্ছে দর্শকদের। অবশ্য এমন রান উৎসবের পেছনে বড় কারণ ছোট বাউন্ডারি- এমনটাই মনে করছেন তামিম। ম্যাচের পর গতকাল তিনি বলেছেন, ‘মাঠগুলো যেভাবে তৈরি করা হয়েছে সেটা খুব ভালো। কিন্তু আমি বড় বাউন্ডারি দেখলে খুশি হবো। আমার জানা নেই ঠিক কী কারণে আমরা ৫৮-৬০ মিটার বাউন্ডারি নিয়ে খেলেছি। যেহেতু আরও জায়গা খালি আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ৬৫-৭০ মিটারের বাউন্ডারি দেখা যায়। সেক্ষেত্রে বোলারদেরও কিছু সুযোগ তৈরি হয়।’
এই অবস্থায় তামিম মনে করছেন, ব্যাটার ও বোলারের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াই ধরে রাখতে বাউন্ডারি বড় করার বিকল্প নেই, ‘উইকেট এখন ভীষণ ভালো। অবশ্য কিউরেটরদের ক্রেডিট দিতে হবে। তারা দারুণ উইকেট বানিয়েছে। কিন্তু বাউন্ডারিও বড় করতে হবে। বিশেষ করে যদি জায়গা অবশিষ্ট থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য আসলে কিছু নেই। যারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়, আশা করবো তারা আমার কথা শুনবেন এবং বাউন্ডারি কিছুটা বড় করবেন।’









