ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল পেছনে ফেলেছেন ফ্র্যাঞ্চাইজির সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলটির হয়ে রেকর্ড হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার।
বৃহস্পতিবার চট্টগ্রামে জয়ের ধারায় ফিরেছে বরিশাল। ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আট উইকেটের জয়ের দিনে ৪৮ বলে ৬১ রান করেন তামিম। চলতি বিপিএলে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
এনিয়ে বরিশালের হয়ে সপ্তম ফিফটি করেছেন তামিম। ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয়টি হাফ সেঞ্চুরি করে আগের রেকর্ডধারী সাকিবকে টপকে গেলেন তিনি।
সাকিব ২২ ইনিংসে ছয়টি হাফ সেঞ্চুরি করেছিলেন, তামিমের লেগেছে ৩০ ইনিংস। এছাড়া প্রথম ব্যাটার হিসেবে বরিশালের হয়ে এক হাজার রানের মালিক হয়েছেন তামিম। বরিশালের হয়ে ১২৬.২৭ স্ট্রাইক রেট ও ৩৮.৪৪ গড়ে তার এখন রান ১০৩৮। ৬৫৯ রান নিয়ে তার পেছনে সাকিব।
ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বরিশাল দ্বিতীয় স্থানে উঠে গেছে। শীর্ষ দল রংপুর রাইডার্সের চেয়ে ছয় পয়েন্ট দূরে তারা।
একই ম্যাচে তামিমের প্রতিপক্ষ দল ঢাকার তানজিদ হাসান তামিমও দলটির হয়ে রেকর্ড ফিফটি করলেন। তৃতীয় হাফ সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন লিটন দাসের (২ হাফ সেঞ্চুরি) রেকর্ড।









