কয়েক আসর বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ফিরেই মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের কার্যকলাপ নিয়ে আলোচনাটা বেশি। ঠিক সময়ে পারিশ্রমিক দিতে না পেরে আলোচনায় যখন তুঙ্গে, তখন নতুন করে বিদেশি ক্রিকেটার লাহিরু সামারাকুনে বিসিবিতে অভিযোগ করেছেন অব্যবস্থাপনা নিয়ে। এমন পরিস্থিতিতে বুধবার রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান ভিডিও বার্তায় বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিলেন।
এক ভিডিও বার্তায় শফিক রহমান বলেছেন, ‘কিছু ব্যবস্থাপনাগত কারণে সমস্যা হয়েছিল। কিন্তু আর্থিক কোনও বিষয়ে ক্রিকেটারদের ভোগান্তি পোহাতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই তারা পারিশ্রমিক পেয়ে যাবে। ক্রিকেটার এবং স্টাফদের দেওয়া আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট যে, নির্দিষ্ট সময়েই পারিশ্রমিক হাতে পাবে তারা।’
তিনি আরও দাবি করেন, ১৬ জানুয়ারির মধ্যে রাজশাহীর ক্রিকেটাররা প্রথম কিস্তির পারিশ্রমিক পেয়েছেন। একইসঙ্গে মাঠের পারফরম্যান্স উন্নত করতে সবার সমর্থন কামনা করেন তিনি।









