মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তানের মধ্যকার খেলায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জিতেছে পাকিস্তান। ফিরোজ শাহ কোটলা মাঠে ভারতের ছুঁড়ে দেওয়া ৯৭ রানের জবাবে বৃষ্টির কারণে ১৬ ওভার শেষে ৭৭ রানে খেলা থেমে গেলে ম্যাচ নিষ্পত্তি হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানকে ভাল ভিত্তি দিয়ে যান দুই ওপেনার নাহিদা খান ও সিদরা আমিন। নাহিদা ১৯ ও সিদরা ২৪ রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তানি ব্যাটাররা স্বাচ্ছন্দেই খেলে যান ভারতীয় বোলিংকে। দলীয় ৪৮ ও ৫০ রানে সিদরা ও পাঁচ রান করা বিসমাহ মারুফ বিদায় নিলে কেঁপে উঠেছিল পাকিস্তান ড্রেসিং রুম। তবে মুবিনা আলি ও ইরাম জাভেদেও ২১ রানের চতুর্থ উইকেট জুটিতে ২১ রান করলে চাপ কাটিয়ে ওঠে পাকিস্তান।
ইরাম জাভেদকে কাভারে চমৎকার ক্যাচ নিয়ে ফেরত পাঠান ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। আবারাও খেলায় ফিরে আসে ভারত। অধিনায়ক সানা মির প্রথম বলে স্কয়ার লেগে পুশ করে রান নিতে গিয়ে রান আউট হলে চালকের আসনে বসে যায় ভারত। কিন্তু এক বল পরেই নামে বৃষ্টি, খেলা থেমে যায় সেখানেই, আর মাঠে গড়ায়নি একটি বলও। ফলে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ২ রানে ম্যাচ জিতে পাকিস্তান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পকিস্তানের বিপক্ষে ২০ ওভারে সাত উইকেটে ৯৬ রান করে ভারত। ছয়জন বোলার ব্যবহার করেন পাকিস্তানি অধিনায়ক সানা মীর। তার মাঝে পাঁচজন নেন একটি করে উইকেট। স্পিনার আনাম আমিন চার ওভারে নয় রানে এক উইকেট নিয়ে ছিলেন তারিকার শীর্ষে। পেসার আসমাভিয়া ইকবালও চার ওভারে ১৩ রানে একটি উইকেট নেন। ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন ভেদা কৃষ্ণামূর্তি। ১৯ বলে তিনটি চারে ২৪ রান করেন তিনি। অধিনায়ক মিতালি রাজ ও হারমানপ্রিত কাউর দুজনেই ১৬ রান করে করেন, পেসার ঝুলন গোস্বামী ১৪ রানে অঅপরাজিত ছিলেন।
/আরএম/এমআর/








