পাকিস্তানের দেওয়া ১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়েছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনে ২৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে ধোনি শিবির। এই রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৮ ওভারে তিন উইকেটে ৪৬ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংসের গোড়া পত্তন করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। দেখেশুনেই ব্যাট করতে থাকেন তারা। এই জুটি থেকে আসে ৩৮ রান। শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন সুরেশ রায়না। ৭.৪ ওভারে রায়নার বলে মিড অনে বল তুলে মেরেছিলেন শারজিল খান। অসাধারণ দক্ষতায় বল তালুবন্দী করেন হার্দিক পান্ডে। ২৪ বলে ১৭ রান করেন শারাজিল।
এরপর আরেক ওপেনার আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠান ভারতীয় পেসার বুমরাহ। ৯.২ ওভারে বুমরাহর বলে জাদেজার হাতে ক্যাচ দেন শেহজাদ। তবে তিন চারে ২৮ বলে ২৪ করে সাজঘরে ফেরেন শেহজাদ। আগের ম্যাচে বুম-বুম ব্যাটিং করা শহীদ আফ্রিদি এদিন ওয়ানডাউনে মাঠে নেমেছিলেন। তবে ঝলক দেখাতে পারেনি। ১৪ বলে মাত্র ৮ রানে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।
উমর আকমল ও শোয়েব মালিক রানের গতি বাড়োনোর চেষ্টা করেন। তবে বেশি দূর এগোতে পারেননি। জাদেজার বলে ধোনির তালুবন্দী হওয়ার আগে ১৬ বলে এক ছক্কা ও এক চারে মাত্র ২২ রান করেন আকমল। আর নেহরার বলে অশ্বিনের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৬ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন মালিক। সরফরাজ আহমেদ ৮ রান ও মোহাম্মদ হাফিজ ৫ রান নিয়ে অপরাজিত থাকেন। ভারতের বোলার নেহরা, জাদেজা, বুমরাহ, রায়না ও পান্ডে একটি করে উইকেট পান।
এর আগে বৃষ্টির হানায় ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে যায়। বৃষ্টির কারণে কমেছে ম্যাচে দৈর্ঘ্যও। ১৮ ওভার খেলা হবে। এর মধ্যে ৫ ওভার পাওয়ার প্লে।
/এমআর/








