পারিশ্রমিক ইস্যুতে চলতি বিপিএল সরগরম করে রেখেছে রেখেছে দুর্বার রাজশাহী। কয়েক দফা সময় দিয়েও ঠিকঠাক মতো পারিশ্রমিক পরিশোধ করতে না পেরে বিশ্ব মিডিয়ার খবরের শিরোনাম হয়েছে তারা। আগের ম্যাচে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় তারা মাঠেই আসেননি। সবকিছু মিলিয়ে বিপিএলের সম্মান অনেকখানি-ই ক্ষুণ্ন হয়েছে। সোমবার ম্যাচ শেষে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের দুই বিদেশি ক্রিকেটার উইলিয়াম বোসিস্তো ও ডেভিড মালান এই ইস্যুতে কথা বলেছেন।
সোমবার ফরচুন বরিশালকে জেতানোর নায়ক ডেভিড মিলান সংবাদ সম্মেলনে হতাশার কথা জানালেন। তার মতে যেভাবে সব হচ্ছে এটি ক্রিকেটের জন্য ভালো কিছু নয়, ‘আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং বিপরীতে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সিম্পল ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনও সমস্যা নেই এখন পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’
একই প্রশ্নে খুলনার বিদেশি ক্রিকেটার উইলিয়াম বোসিস্তো বলেছেন, ‘হ্যাঁ, চুক্তি অনুযায়ী আমি পেয়েছি। অন্য দলে যে সমস্যা হচ্ছে তা আসলে হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।’
দল হিসেবে খুব ভালো করতে পারেনি খুলনা। সেটি নিয়েও হতাশ বোসিস্তো, ‘হ্যাঁ, ন্যায্য কথাই বলেছেন। এটা অনেক হতাশার। অনেক কাছে গিয়েও অনেক ফিনিশ করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে থাকতে হবে। এটা আমরা করতে পারছি না। যে কারণে ম্যাচ হারছি। পারলে হয়তো সব ম্যাচ জিততাম। যা অবশ্যই হতাশার। তবে এখনও আশা আছে আমাদের। শেষ দুই ম্যাচ জিতে প্লে-অফে যেতে চাই আমরা।’
এদিকে, তামিমের অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মালান বলেছেন, ‘‘দারুণ। আমি তার বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছি। মাঠে নামার আগে সে কিছু কথা বলেছে, অত কথা বলে না সাধারণত। আজ আমাকে বলছিল, ‘ম্যাচ আপ পছন্দ করো?’ মিটিং, টিম অফিশিয়াল কিছু ছিল না আমাদের। যখন কথা হয় তখন দরকারি কথা হয়। অন্য অনেক দলে অন্য কিছু হয়। এখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, ভালোভাবে তাদের ম্যানেজ করে খেলানোটাই তার কাজ, যে কাজটা সে দারুণভাবে করে যাচ্ছে।’’









